শিরোনাম

দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজসহ ২৩ বাংলাদেশি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
দ্য হান্ড্রেডের নিলামে মোস্তাফিজসহ ২৩ বাংলাদেশি
দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ ২০২৬ আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। এই তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে মোস্তাফিজুর রহমানের।

আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের পিকাডিলি লাইটসে এই নিলাম অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।

এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাহাতি এই কাটারমাস্টারের দাম ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন, যার মূল্য ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ জন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে।

২০২১ সালে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই লিগে খেলার সুযোগ পাননি।

নিলামের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী আটটি দল তাদের পছন্দের প্রায় ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা জমা দেবে। এরপর দলগুলোর আগ্রহের ভিত্তিতে চূড়ান্তভাবে প্রায় ২০০ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে, যাদের নাম নিলামের টেবিলে অন্তর্ভুক্ত করা হবে।

নিলামে থাকা ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার হলো

মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব। তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ। এছাড়া রয়েছেন, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান এবং সৌম্য সরকার।

/জেএইচ/