শিরোনাম

ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে যাবে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে যাবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম অধিগ্রহণ করবে। তিনি এই ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলা’ হিসেবে উল্লেখ করে এর গুরুত্ব খাটো করার চেষ্টা করেন।

এ ছাড়া তিনি জোর দিয়ে বলেন, এ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন হবে না—’কোনোভাবে, কোনো প্রকারে বা কোনো উপায়ে’ অর্থ দেওয়া বা নেওয়া হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সম্ভাব্য এই ব্যবস্থা লেবাননের পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মানদণ্ড অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। এই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় স্তরের খুব কাছাকাছি বলে বিবেচিত হয়। সাধারণত অস্ত্র তৈরির জন্য প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়।

বিশ্লেষকদের মতে, ইরানের এই পরিমাণ মজুত তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রাখে।

তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

/এমআর/