শিরোনাম

র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ এগোলেন সূর্যবংশী
বৈভব সূর্যবংশী

আইসিসির সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে দারুণ এক চমক দেখিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে ঝড় তুলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় এক লাফেই ২৩০ ধাপ এগিয়ে এসেছেন এই তরুণ। তিন ম্যাচের সিরিজে ১৫১ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতার পর তিনি এখন উঠে এসেছেন নিজের ক্যারিয়ারসেরা ৪৮ নম্বর স্থানে।

চলতি জুলাইয়ের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া বৈভবের শুরুটা অবশ্য খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ইংলিশদের বিপক্ষে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল মাত্র ১৫ রানের। তবে দেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলা এই তরুণ জিম্বাবুয়ে সিরিজে জোড়া ফিফটি হাঁকিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান, যা তাকে এনে দেয় ৫৩৬ রেটিং পয়েন্ট।

অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের আরেক ওপেনার ঈশান কিষান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ৯১৬-তে, যা টি-টুয়েন্টি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। সিরিজ শেষে তা কিছুটা কমে ৯১০ হলেও তার শীর্ষ অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। এছাড়া ৮৪৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। বাংলাদেশিদের মধ্যে টি-টোয়েন্টিতে সবার ওপরে থাকা তানজিদ হাসানের অবস্থান ২০ নম্বরে।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় ওপেনার শুবমান গিল। গিলের পয়েন্ট এখন ৮০১, আর মিচেল ৭৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে ২২তম স্থানে থেকে সেরা পজিশনে আছেন তাওহিদ হৃদয়।

টেস্ট ক্রিকেটেও দেখা গেছে উল্লেখযোগ্য রদবদল। ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ওভার মেডেনসহ উইকেট নেওয়ার ঐতিহাসিক কীর্তি গড়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জাস্টিন গ্রিভস। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় ৮ ধাপ এগিয়ে তিনি এখন নবম স্থানে। গ্রিভসের সতীর্থ জেইডেন সিলস ৫ ধাপ এগিয়ে ২৪তম এবং পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৯ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের মধ্যে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দ্বিতীয় ইনিংসে তার ৩২তম টেস্ট অর্ধশতক হাঁকিয়ে ৪ ধাপ উন্নতি করে ১৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।

/এমএকে/