একাদশের অর্ধেক ক্রিকেটারের ফিটনেস নেই: সারোয়ার ইমরান

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
একাদশের অর্ধেক ক্রিকেটারের ফিটনেস নেই: সারোয়ার ইমরান
সারোয়ার ইমরান

নারী ক্রিকেটারদের ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতি আনার জন্য কঠোর হয়েছিলেন। তবে এই উদ্যোগের মূল্য দিতে হয়েছে বাংলাদেশ নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরানকে। ২০২৬’র অক্টোবরে এশিয়ান গেমসের পর সারোয়ারের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়ের পর ড্রেসিংরুমে অস্থিরতা তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন সারোয়ার। এ নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার উদ্যোগ নেয় বিসিবি। তবে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের অবদানের বিষয়টি বিবেচনায় নোটিশের সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) একটি বেসরকারি টিভিকে সারোয়ার ইমরান বলেন, ‘এশিয়ান গেমস ও এশিয়া কাপের পর বিসিবি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি একটি চিঠি পেয়েছি, যেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সফরে আমি যাচ্ছি না, অন্য একজন কোচ যাবেন।’

সারোয়ারের ভাষায়, ‘নারী দলের দায়িত্ব নেওয়ার পর দেখেছি, বোলিং কোচ থেকে শুরু করে স্পিন বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার, ফিজিও চুপচাপ থাকেন। নারী ক্রিকেটাররা যা বলেন, তারা সেটাই মেনে নেন। এই স্বাচ্ছন্দ্যে থেকে খেলোয়াড়দের উন্নতি সম্ভব নয়।’

উদাহরণ দিতে গিয়ে সাবেক এই কোচ জানান, একজন স্পিনার ৩০টি বল করার পর কোচকে বলে, সে আর বোলিং করবে না। কোচও তাতে রাজি হয়ে যান। এক-দুজন ব্যাটার সারা দিন ব্যাটিং করেন। এই সব দেখে চুপ থাকেননি সারোয়ার। তিনি হস্তক্ষেপ করায়, বদ মেজাজি বলা হয়েছে।

নিজের মর্যাদা ও পেশাদারত্ব নিয়েও কথা বলেছেন সাবেক এই কোচ। তার বক্তব্য, ‘আমার নিজের একটা আত্মমর্যাদা আছে। আমি জানি, আমি কী করতে পারি। কাউকে দেখানোর জন্য কাজ করি না। আমার কোনো সমস্যা নেই। আমার সম্মান কমে গেছে, এমনটা ভাবারও কারণ নেই। কারণ, আমি জানি আমার কাজ কী। কেউ যদি বলে আমি বদমেজাজি, সেটা ঠিক নয়। জীবনে রাগ হতে পারে, কিন্তু কোচিং করানোর সময় আমি বদমেজাজি নই। আমি পেশাদার এবং জানি কী করতে হবে।’

কোচিং স্টাফের অন্য সদস্যদেরও খেলোয়াড়দের মনমতো চলতে হয়েছে বলে অভিযোগ করেছেন সারোয়ার। দলের ফিটনেস নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক এই কোচ।

সারোয়ার ইমরানের দাবি, বাংলাদেশের প্রথম একাদশের অর্ধেকের বেশি খেলোয়াড় আন্তর্জাতিক মানের ফিটনেস ধরে রাখতে পারছেন না। তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি, প্রথম একাদশের অর্ধেকের বেশি ক্রিকেটারের প্রয়োজনীয় ফিটনেস নেই। বেশির ভাগের ফিটনেস গড় মানের নিচে, কয়েকজন মাঝারি মানের, আর দু-একজনের ফিটনেস মানসম্মত।’

/টিই/