শিরোনাম

জয়ে বিশ্বকাপ শুরু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
জয়ে বিশ্বকাপ শুরু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের
পাকিস্তানের জয়ের নায়ক ফাহিম আশরাফ। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোতে মুখোমুখি হয় পাকিস্তান ও নেদারল্যান্ডস। টসে হেরে আগে ব্যাট করে নেদারল্যান্ডস ইনিংসের এক বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে ফাহিম আশরাফের ১১ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিওতে পাকিস্তান জয় পায় ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে।

রান তাড় করতে নেমে নেদারল্যান্ডসের বিপক্ষে ঝড়ো শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে যেন ‘আনপ্রেডিক্টেবল’ তকমা প্রমাণেই মরিয়া ছিল পাকিস্তান! তবে এক ক্যাচ মিসেই শেষ নেদারল্যান্ডসের স্বপ্ন, জীবন পেয়ে দলের জয় নিশ্চিত করেছেন ফাহিম আশরাফ।

পাওয়ার প্লের ৬ ওভারে সাইম আইয়ুব (২৪) ও সালমান আগার (১২) উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ২ উইকেটে ৬১ রান। তবে ইনিংসের ১২তম ওভারে সাহিবজাদা ফারহান ও উসমান খান আউট হন। ওপেনার ফারহান ৩১ বলে ৪৭ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। আর উসমান শূন্য রানে বোল্ড হন। দলীয় ১০০ রানে আউট হন বাবর আজম (১৫)।

পাকিস্তানের দলীয় ১১৪ রানে টানা দুই বলে মোহাম্মদ নাওয়াজ (৬) ও সাদাব খান (৮) আউট হলে হারের শঙ্কা জাগে পাকিস্তানের। শেষ ৩ ওভারে জয়ের জন্য ২৯ রান দরকার ছিল পাকিস্তানের। প্রথম বলে ৬ হাঁকানোর পর লং অনে ক্যাচ দিয়েছিলেন ফাহিম আশরাফ। ও’ দাউদের হাত থেকে বল ফসকাতেই জানে পানি পায় পাকিস্তান। ওই ওভারে ২৪ রান তুলে ফাহিম জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। শেষ ওভারের ৩ বলে আসে কাঙ্ক্ষিত জয়।

তার আগে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫০ রান করে নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে ওঠে ৩৪ রানের জুটি। ৪০ রান আসে চতুর্থ উইকেটে। তবে মাত্র ৪২ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় ডাচরা। সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে বাস ডি লিডির ব্যাট থেকে।

২৪ রান দিয়ে ৩ উইকেট নেন সালমান মির্জা দুটি করে উইকেট নেন নাওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব।

/টিই/