শিরোনাম

যেভাবে অনলাইনে কাটবেন অগ্রিম ট্রেন টিকেট

সিটিজেন ডেস্ক
যেভাবে অনলাইনে কাটবেন অগ্রিম ট্রেন টিকেট
৩ মার্চ সকাল ৮টা থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও সব আসন অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।

যেভাবে কাটবেন টিকেট

রেলের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসেই টিকেট কেনা যাবে। এজন্য প্রথমে নিবন্ধন করতে হবে। আগে নিবন্ধন করা থাকলে সরাসরি লগইন করেই টিকেট কাটা সম্ভব।

নিবন্ধনের জন্য রেলের ই-টিকিটিং পোর্টালে https://eticket.railway.gov.bd/ গিয়ে উপরের ডান পাশে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। ব্যক্তিগত তথ্য পূরণ করে ভেরিফাই বাটনে চাপ দিলে মোবাইলে একটি এককালীন পাসওয়ার্ড যাবে। সেটি দিয়ে নিবন্ধন সম্পন্ন করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

লগইন করার পর ভ্রমণের তারিখ, যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য ও শ্রেণি নির্বাচন করে অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে। তখন নির্ধারিত দিনের ট্রেনের তালিকা, আসন খালি আছে কি না এবং ছাড়ার সময় দেখা যাবে।

পছন্দের ট্রেন নির্বাচন করে আসন দেখুন অপশনে ক্লিক করলে খালি আসনের তালিকা পাওয়া যাবে। সেখান থেকে আসন বেছে নিয়ে ক্রয় প্রক্রিয়ায় এগোতে হবে। এ সময় আবারও মোবাইলে একটি এককালীন পাসওয়ার্ড পাঠানো হবে।

সবশেষে মোবাইল ব্যাংকিং বা ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে ই-টিকেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে। একই সঙ্গে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় টিকিটের কপি পাঠানো হবে। ডাউনলোড করা পিডিএফ টিকেট মোবাইল ফোনে দেখিয়েই ভ্রমণ করা যাবে। চাইলে ই-মেইল থেকে প্রিন্ট কপি নিয়ে ছবি সংবলিত পরিচয়পত্রসহ সংশ্লিষ্ট যাত্রা শুরুর স্টেশন থেকেও ছাপানো টিকিট সংগ্রহ করা যাবে।

কখন কোন টিকেট

রেলের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকেট আলাদা সময়ে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকেট সকালে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট দুপুরে অনলাইনে পাওয়া যাবে।

৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি চলবে। আর ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।

/এসএ/