শিরোনাম

বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ডারউইনে মাঠে নামার আগে প্রতিপক্ষ বাংলাদেশকে মোটেও সহজভাবে দেখছেন না স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উল্টো টাইগারদের সাম্প্রতিক সাফল্য ও তুলনামূলক অচেনা ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই সহজ কোনো টেস্ট ম্যাচ হয় না। গত কয়েক বছরে বাংলাদেশের কিছু বড় জয় এবং দলে থাকা সম্ভাবনাময় প্রতিভাদের কথা মাথায় রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন অজি অধিনায়ক। সফরকারী দলের বেশ কয়েকজন খেলোয়াড় তাদের কাছে বেশ অচেনা হওয়ায় ম্যাচের আগে কিছুটা অজানা চ্যালেঞ্জ থাকবে বলেও মনে করেন তিনি।

প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগেই অবশ্য নিজেদের একাদশ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ডারউইন টেস্টে পেসার স্কট বোল্যান্ডকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে জশ ইংলিসকে। এছাড়া দীর্ঘ বিরতির পর দলে ফেরা অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়নকেও স্বাগত জানিয়েছেন অধিনায়ক। অন্যদিকে, দীর্ঘ ২১ বছর পর টেস্ট আয়োজন করতে যাওয়া ডারউইনের মারারা স্টেডিয়ামের পিচ নিয়েও আশাবাদী কামিন্স। তার মতে, উইকেট যথেষ্ট শক্ত ও ব্যাটিংবান্ধব মনে হলেও এখানে পেস ও বাউন্সের ভালো মিশ্রণ থাকবে। ফলে সব মিলিয়ে মাঠের লড়াইতে নিজেদের সেরাটা দিয়েই জয়ের পথ খুঁজতে চায় বিশ্বচ্যাম্পিয়নরা।

/এমএকে/