শিরোনাম

পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে দিলে অশান্তি বাড়বে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পাহাড় থেকে সেনাবাহিনী সরিয়ে দিলে অশান্তি বাড়বে: রাশেদ খান
সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাহাড় থেকে সেনাবাহিনীকে সরিয়ে দিলে অশান্তি বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে থাকুক, এটা অনেকে চায় না। তারা মূলত চাঁদাবাজি করার জন্য সেনাবাহিনী থাকুক, এটা চায় না। এ দেশে সেনাবাহিনীর কোনো বিকল্প নেই। সব বিপদে সেনাবাহিনী সবসময় দেশের পাশে দাঁড়িয়েছে।’

বুধবার (১২ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র, সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে রাশেদ খান এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটোয়ারীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী সেনাবাহিনীর দাড়ি নিয়ে কথা বলেছে। এর জন্য আপনি (পাটোয়ারী) জাতি এবং সেনাপ্রধানের কাছে দুঃখপ্রকাশ করেন। নাহিদ ইসলামের নির্দেশনায় নাসিরুদ্দিন পাটোয়ারী এসব খারাপ এবং উগ্র বক্তব্য দিচ্ছে।’

তিনি বলেন, ‘আজকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের ভূমিকা নিয়েও দেশের মানুষের প্রশ্ন রয়েছে।’

রাশেদ খান বলেন, ‘সেনাবাহিনীকে নিয়ে এনসিপির কেন এতো সমস্যা জানি না। তবে, গোপালগঞ্জের ঐ ঘটনায় সেনাবাহিনীই কিন্তু আপনাদেরকে উদ্ধার করেছে।’

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং আমরা সবাই বাংলাদেশি। পাহাড়ে যারা বসবাস করছে, তাদেরকে ছাড়া বাংলাদেশ হবে না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই।’

পার্বত্য চট্টগ্রামে বসবাস করা আধিবাসীদেরকে আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘আপনারা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেবেন। আধিবাসী শব্দ নিয়ে কোনো বিতর্ক চলবে না।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে জঙ্গল সলিমপুর ঠিক করেছে, সেভাবে পাহাড় ঠিক করতে হবে। কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘ড. ইউনুস মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ঐসময় যাদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বেশিরভাগ অযোগ্য ছিল। নাহিদ ইসলাম যে ৬ মাস দায়িত্ব পালন করেছে, তিনি গণমাধ্যমের সংস্কার করতে পারেনি। মাহফুজ আলমও পারেনি। তারা এখন বলছে, বিএনপি সরকারের পতন ঘটিয়ে, নতুন সরকার গঠন করেছে।’

এনসিপিকে উদ্দেশ করে রাশেদ খান বলেন, ‘জামায়াতের রগে আপনারা পড়েছেন। তারা একসময় জামায়াতের বিরুদ্ধে কথা বলে, এখন জামায়াতের সাথে জোট করেছে। এই জোটের নেতৃত্বে আর কোনো গণঅভ্যুত্থান সফল হবে বলে মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের পতন হলেও আপনারা কিন্তু দেশ চালাতে পারবেন না। নাকি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য আপনারা এগুলো করছেন। ’

কর্ণেল অলি নাসিরুদ্দিনের মতো কথা বলছে মন্তব্য করে রাশেদ খান বলেন, ‘কর্ণেল অলি এনসিপির নেতাদের ফাঁদে পা দিয়েছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর মতো কথা বলছে। এভাবে তার (কর্ণেল অলি) অধঃপতন হবে, ভাবতেও পারিনি।’

সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/