শিরোনাম

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
সিরিজের ট্রফি উন্মোচনে প্যাট কামিন্স ও নাজমুল হোসেন শান্ত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এ লড়াইয়ের সামনে দাঁড়িয়ে বুধবার (১২ আগস্ট) ডারউইনের মারারা স্টেডিয়ামে উন্মোচন করা হলো দুই ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি।

ট্রফি উন্মোচন ও ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অস্ট্রেলিয়া দলনেতা প্যাট কামিন্স। প্রথম টেস্টের জন্য চূড়ান্ত একাদশও ঘোষণা করেছে স্বাগতিকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডারউইনে গড়াবে মাঠের লড়াই। এরপর ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পরিসংখ্যানের বিচারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা সুবিধার নয়। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ৬টি টেস্টের ৫টিতেই হেরেছে টাইগাররা। বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল ২০১৭ সালে, ঘরের মাঠ মিরপুরে। ইতিহাস যাই বলুক, চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। ৪ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ১ হারে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে তারা। অন্যদিকে ৭টি জয় ও ১টি হারে ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অজিরা।

মূল ম্যাচ মাঠে গড়ানোর আগে অবশ্য প্রস্তুতির জায়গায় বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তারা হেরেছে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ায় অস্ট্রেলিয়ার আগুনে পেস আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং নিয়ে উদ্বেগ বেড়েছে অনেকটাই। কন্ডিশনের কঠিন চ্যালেঞ্জ সামলে ডারউইনে বাংলাদেশ কতটা লড়াই গড়ে তুলতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

/এমএকে/