শিরোনাম

অস্ট্রেলিয়ায় বল বুঝে খেললে ব্যাটসম্যানরা ভালো করবে: হান্নান সরকার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় বল বুঝে খেললে ব্যাটসম্যানরা ভালো করবে: হান্নান সরকার
সংবাদমাধ্যমে কথা বলেন হান্নান সরকার

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০০৩ সালের সর্বশেষ সফরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন সাবেক ওপেনার হান্নান সরকার। তার বিশ্বাস, আগের তুলনায় বর্তমান বাংলাদেশ দল বেশি প্রস্তুত। তবে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২০০৩ সালের সফরের স্মৃতিচারণ করেন হান্নান। তিনি জানান, সেই সফরে প্রথমবার বাংলাদেশ দলের সঙ্গে একজন টিম অ্যানালিস্ট যুক্ত হয়েছিলেন, তাতে প্রতিপক্ষ সম্পর্কে ধারণা পেতে সহায়ক হয়েছিল।

সিরিজের দ্বিতীয় টেস্টে কেয়ার্নসে দুই ইনিংসেই ফিফটি (৭৬ ও ৫৫) করা সাবেক এই ওপেনারের ভাষ্য, বিশ্বের সেরা বোলিং আক্রমণের বিপক্ষে তাদের মূল লক্ষ্য ছিল ম্যাচ যতটা সম্ভব দীর্ঘ করা।

বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে থাকা হান্নান সরকার বলেন, ‘পাঁচ দিন পর্যন্ত খেলা টানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ডে-বাই-ডে পরিকল্পনা করা। উইকেট কেমন আচরণ করছে তা দেখে প্রতিদিনের সেশন অনুযায়ী পরিকল্পনা করা উচিত।’

বর্তমান অস্ট্রেলিয়া দলের বোলিং আক্রমণ শক্তিশালী মনে করেন সাবেক এই ওপেনার। ব্যাটসম্যানদের উদ্দেশে হান্নানের পরামর্শ, অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে শুরুতে ড্রাইভ খেলে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

হান্নান বলেন, ‘ড্রাইভিং স্লটে যে বল আছে, এগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। সাইড শটে নজর রাখলে ভালো। ২০০৩ সালে যে দুটো ফিফটি করেছিলাম, বেশিরভাগ রান করেছিলাম স্পিনের বিপক্ষে। পেসের বিপক্ষে শট খেলা কঠিন ছিল। শুরুতে বল ছাড়ার অভ্যাস যার ভালো, সে এখানে ভালো করবে। উইকেটে ট্রু বাউন্স থাকবে। উইকেটের ওপর দিয়ে বা সাইড দিয়ে যেসব বল যাবে সেগুলো ছাড়ার জায়গায় আত্মবিশ্বাস থাকলে বড় রান করা সম্ভব।’

১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ম্যাকেতে ২২ আগস্ট থেকে।

/টিই/