দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন নাহিদ রানা
নাহিদ রানা

চার মাসের বেশি সময় ধরে মাঠের বাইরে বাংলাদেশের পেসার নাহিদ রানা। চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়া এই পেসার অবশেষে ফিরতে চলেছেন। অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।

তবে নাহিদকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য অস্ট্রেলিয়ার চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার অনুমতি পেয়েছেন তিনি। বর্তমানে পূর্ণ শক্তিতে বোলিংও করছেন।

তবে নাহিদের ম্যাচ খেলার প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বিসিবি। নিজের ফিটনেস নিয়ে অবশ্য আশাবাদী নাহিদ। তিনি বলেন, ‘আমি বোলিং করেছি এবং খুব ভালো অবস্থানে আছি। ফিটনেসের দিক থেকে সবকিছু ঠিক আছে। তাই পূর্ণ শক্তিতে বোলিংও করতে পারছি। দক্ষিণ আফ্রিকা যাবো কি না, সেটি মেডিকেল বিভাগ ও নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন।’

নাহিদের চোটের শুরু গত জুলাইয়ে, জিম্বাবুয়ে সফরে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্রেড-টু সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। এর আগে শিনের হাড়ে স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যাতেও ভুগছিলেন। দুই চোট কাটিয়ে ফেরার প্রস্তুতির সময় পুনর্বাসনপ্রক্রিয়ায় নতুন করে কোমর ও নিতম্বের আশপাশে অস্বস্তি দেখা দেয়। পরে গ্লুটের চোটও ভোগায় তাকে। শারীরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় উন্নত চিকিৎসা ও মূল্যায়নের জন্য নাহিদকে অস্ট্রেলিয়ায় পাঠায় বিসিবি।

চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি নাহিদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও খেলতে পারছেন না নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর বাফেলো পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ।

/টিই/