সাইফ-ইয়াসিরে জয়ে শুরু বাংলাদেশের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সাইফ-ইয়াসিরে জয়ে শুরু বাংলাদেশের
সাইফ ও ইয়াসিরের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজে ম্যাট জেতে বাংলাদেশ ‘এ’ দল

এশিয়া কাপ রাইজিং স্টার্সে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশ ‘এ’ দল। দোহায় আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে হারিয়েছে হংকংকে। ২১৯ রান ৫৪ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

আগে ব্যাট করে ৮ উইকেটে ২১৯ রান করে হংকং। হংকংয়ের হয়ে ফিফটি করেন দুইজন। দুটি ছক্কা ও পাঁচ চারে ৭৭ রান আসে আনশি রাঠের ব্যাট থেকে। একটি ছক্কা ও পাঁচ চারে এইজাজ খান করেন ৬৭ রান। আর কেউ ২০ রানও করতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইকবাল হোসেন।

জবাবে সাইফ হসানের অপরাজিত ৮৬ ও ইয়াসির আলীর অপরাজিত ৭১ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ১১৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৮৬ রান করেন অধিনায়ক সাইফ হাসান। ৫১ বলে ৭১ রান করেন ইয়াসির আলী। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।

সাইফ ও ইয়াসিরের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচসেরা হন সাইফ হাসান।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। ‘এ’ গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা ‘এ’।

/টিই/