দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পেছালো ঢাকা প্রথম বিভাগ লিগের সূচি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পেছালো ঢাকা প্রথম বিভাগ লিগের সূচি
বুধবার ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ট্রফি উন্মোচন করা হয়

শুরুর অপেক্ষায় ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের নতুন মৌসুম। তবে মাঠে বল গড়ানোর আগেই বদলাতে হলো সূচি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৬-২৭ মৌসুমের ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ।

২০ নভেম্বরের পরিবর্তে টুর্নামেন্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এর আগে বুধবার (১৮ নভেম্বর) টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) থেকে লিগ শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়াজনিত পরিস্থিতি বিবেচনায় নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে রবিবার (২২ নভেম্বর)।

সূচি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সিসিডিএম জানিয়েছে, প্রতিটি ম্যাচ যেন সুষ্ঠুভাবে ও পুরোপুরি আয়োজন করা যায়, সেটিই তাদের মূল লক্ষ্য। প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হলে বা খেলা শেষ করা না গেলে দলগুলোর মধ্যে পয়েন্ট ভাগাভাগির পরিস্থিতি তৈরি হতে পারে। সেটি এড়াতেই খেলা শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবর্তিত সূচি দ্রুতই ক্লাব প্রতিনিধিদের কাছে পাঠানোর কথাও জানানো হয়েছে।

/টিই/