শিরোনাম

বিশ্বকাপ জয়ের মাঠেই হৃদয়ের ডাবল সেঞ্চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জয়ের মাঠেই হৃদয়ের ডাবল সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের সেনওয়েস পার্ক বাংলাদেশ ক্রিকেটের জন্য বরাবরই বিশেষ এক জায়গা। ২০২০ সালে এ মাঠেই ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ছয় বছর পর সেই একই ভেন্যুতে ফিরেই ব্যাটে ঝড় তুললেন বিশ্বজয়ী দলের সদস্য তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ৪ দিনের ম্যাচে প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন এ ব্যাটার।

স্বাগতিকদের ৫১২ রানের পাহাড়সম জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। মাত্র ১৩৫ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয়। পঞ্চম উইকেটে জাকের আলীর সঙ্গে ১৫১ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। জাকের ৯৪ ও পরে সাইফউদ্দিন ৮৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন হৃদয়। ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে ১৯৯ রানে টানা ১৪ বল আটকে থাকলেও শেষ পর্যন্ত ১৩৭তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছান। ৩৩৯ বলে ২২টি চার ও একটি ছক্কায় ২০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তার এই ব্যাটিংয়ে ভর করেই দিনশেষে ৬ উইকেটে ৪৭১ রান তুলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে টিকে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

সেনওয়েস পার্কে নামার আগেই নিজের পুরোনো অনুভূতির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হৃদয় লিখেছিলেন, ‘এই সেই মাঠ যেখানে রচিত হয়েছিলো বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ (২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) জয়ের ইতিহাস। আবারও সেই মাঠে আসার অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

ঐতিহাসিক সেই মাঠে নতুন প্রাপ্তি যোগ হওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই ব্যাটার। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার লাল বলের প্রথম শ্রেণির ক্রিকেট শুরু হয়েছিল জন্মস্থান বগুড়া থেকে। আজকে যে মাঠে ২০০ করলাম আল্লাহর রহমতে, এই মাঠেই আমরা বিশ্বজয় করছিলাম ২০২০ সালে। সব কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা।’

/এমএকে/