বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে বিশ্রামে বাভুমা-রাবাদা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে বিশ্রামে বাভুমা-রাবাদা
সাদা বলের সিরিজে নেই টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সাদা বলের দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

ওয়ানডে দলে চোট কাটিয়ে ফিরেছেন লুঙ্গি এনগিডি। মৌসুমের শুরুতে ঘরোয়া ক্রিকেটের প্রথম পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন এই পেসার।

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার ভরসা কুইন্টন ডি কক, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও ক্রিস্টিয়ান স্টাবস। দুই ওয়ানডে খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলেও আছেন দলে।

টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম বিশ্রামে থাকায় নেতৃত্ব দেবেন বিয়র্ন ফরটুইন। চলতি বছরের শুরুতে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ওয়ানডে সিরিজের জন্য টেস্ট দলের বেশির ভাগ ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ৫০ ওভারের দলে রাখা হয়েছে আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে।

বাভুমা ছাড়াও সাদা বলের নিয়মিত ক্রিকেটারদের মধ্যে এই দুই সিরিজে থাকছেন না মার্করাম, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজের জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

১ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, ৪ ও ৭ ডিসেম্বর পরের দুই ম্যাচ। টি-টোয়েন্টির তিন ম্যাচ হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

ওয়ানডে দল: কেশব মহারাজ (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফরটুইন, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, এনকোবানি মোকোয়েনা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল: বিয়র্ন ফরটুইন (অধিনায়ক), ডেভাল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর ইস্টারহিউজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারমান, ডুয়ান ইয়ানসেন, কোয়েনা মাফাকা, এনকোবানি মোকোয়েনা, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

/টিই/