ইনজুরির কারণে দেশে ফিরছেন হাসান মাহমুদ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ইনজুরির কারণে দেশে ফিরছেন হাসান মাহমুদ
হাসান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা সফরে আর মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের পেসার হাসান মাহমুদের। টেনিস এলবোতে পুরনো চোটের ব্যথা বেড়ে যাওয়ায় দেশে ফিরতে হচ্ছে তাকে। রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে হাসানের।

চোটের অবস্থা গুরুতর হলে বিদেশেও পাঠানো হতে পারে হাসান মাহমুদকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হাসানের শারীরিক অস্বস্তি চোখে পড়ে। ম্যাচ চলাকালে একাধিকবার ফিজিওর শরণাপন্ন হতে হয় তাকে।

হাসান প্রথমে কপালে বলের আঘাত পেলেও পরবর্তী সময়ে মূল সমস্যা হয়ে দাঁড়ায় তার পুরনো টেনিস এলবো চোট। তবে শেষ পর্যন্ত শুধু টেস্ট নয়, পুরো দক্ষিণ আফ্রিকা সফর থেকেই ছিটকে গেলেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় জোহানেসবার্গে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা আগামী ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

এরপর ডিসেম্বরের শুরুতে দুই দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

/টিই/