১১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখের ব্যবসা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
১১০০ টাকার পুঁজি, এখন মাসে ১৫ লাখের ব্যবসা
‘ডিফরেন্ট বিউটি’-এর স্বত্তাধিকারী লাবনী আক্তার

বর্তমান সময়ের ১ হাজার ১০০ টাকা খুব সামান্য। এই অর্থ ২০১৫ দিয়েই শুরু হয়েছিলো মানিকগঞ্জের লাবনী আক্তারের স্বপ্নের যাত্রা। শুরুতে ছিলো সীমিত সামর্থ্য, নানা অনিশ্চয়তা আর ব্যবসা টিকিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ। কিন্তু স্বপ্ন দেখার সাহস আর হাল না ছাড়ার মানসিকতা তাকে থামাতে পারেনি। সেই ছোট্ট উদ্যোগই আজ বড় পরিসরের ব্যবসায় রূপ নিয়েছে। বর্তমানে প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকার ব্যবসা পরিচালনা করছেন তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদ সংলগ্ন লাবনী আক্তারের বাড়ি। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স করেছেন তিনি। স্বপ্ন ছিল একটি ভালো চাকরি করার। কিন্তু প্রথম সন্তান জন্ম নেওয়ার পর তাকে লালন পালন করতে গিয়ে চাকরির পেছনে ছুটতে পারেননি। সিদ্ধান্ত নেন বাচ্চা সঙ্গে নিয়ে ঘরে বসে নিজে কিছু করবেন।

ছোটবেলা থেকেই আঁকাআঁকির অভ্যাস ছিল লাবনীর। তাই পরিকল্পনা করেন পোশাক ডিজাইন করে অনলাইনে বিক্রি করবেন। এরপর ‘ডিফরেন্ট বিউটি’ নামে একটি ফেসবুক পেজ খোলেন। নিজের ডিজাইন করা একটি কুশন কভার মাসখানেক ধরে পোস্ট করার পর তা বিক্রি হয়। প্রথম উপার্জন ছিল ১১০০ টাকা। এটাই তার পূঁজি।

নিজের উদ্যোগের শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে উদ্যোক্তা লাবনী আক্তার বলেন, শুরুটা মোটেও সহজ ছিল না। হাতে পুঁজি ছিল মাত্র ১ হাজার ১০০ টাকা। তবে মনে বিশ্বাস ছিলো, চেষ্টা চালিয়ে গেলে একদিন না একদিন সফলতা আসবেই। সেই বিশ্বাস থেকেই ছোট পরিসরে কাজ শুরু করি। তখন হয়তো এত বড় কিছু করার সামর্থ্য ছিল না, কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড়।

তিনি বলেন, ব্যবসার প্রথম দিকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কখনো পুঁজি সংকট, কখনো ক্রেতা তৈরি করা, আবার কখনো পণ্য ও সেবার মান ধরে রাখার চ্যালেঞ্জ ছিল। তবে প্রতিটি বাধাকে নতুন অভিজ্ঞতা হিসেবে নিয়েছি। ধীরে ধীরে ক্রেতাদের আস্থা অর্জন, পণ্যের মান বজায় রাখা এবং নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকি।

এই উদ্যোক্তা বলেন, কাস্টমারের আস্থা অর্জনের জন্য আমি রিটার্ন পলিসি শুরু করি। প্রোডাক্ট ভালো না লাগলে কাস্টমার রিটার্ন করতে পারবেন। এজন্য অনেকেই ভাবলো কিনলেতো টাকা লস হচ্ছে না। তাহলে একবার নিয়ে দেখি। আলহামদুল্লিাহ। এই পলিসি চালু করার পর ব্যাপক সাড়া পেয়েছি। একটা পোশাকও ফেরত আসেনি। যেহেতু প্রতিযোগিতার মার্কেট, সেজন্য কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি।

লাবনী আক্তার শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ওড়না, কুশুন কাভার, কাঁথাসহ বিভিন্ন পোশাকে নকশা একে বিক্রি করেন। বর্তমানে একটি শো-রুম দিলেও অনলাইনেই তার পোশাক বিক্রি হয় বেশি।

তিনি বলেন, ব্যবসা শুরু করার জন্য অনেক টাকা থাকা জরুরি নয়, জরুরি হলো সঠিক পরিকল্পনা, পরিশ্রম করার মানসিকতা এবং ধৈর্য। শুরুতেই বড় কিছু পাওয়ার প্রত্যাশা না করে ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোতে হবে। ব্যর্থতা আসবেই, কিন্তু সেটিকে ভয় পেলে চলবে না। নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে এবং প্রতিনিয়ত শেখার চেষ্টা করতে হবে।

লাবনী আক্তার তার কাজের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ জয়িতা পদক পেয়েছেন। এছাড়া, বিসিক উদ্যোক্তা পুরস্কার, জেলা প্রশাসকের সম্মাননাসহ নানা পুরস্কার অর্জন করেছেন তিনি। সম্প্রতি একটি দাতাসংস্থা থেকে ৭ লাখ টাকা অনুদানও পেয়েছেন তিনি।

/এসবি/