আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন হৃদয়

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন হৃদয়
জরিমানা ছাড়াও দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তাওহীদ হৃদয়ের নামের পাশে

জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের। তার নামের পাশে যোগ করা হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার।

টেস্টের চতুর্থ দিনে (গেল বুধবার) আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর ঘটে ঘটনাটি। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের বিষয়ে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন হৃদয়। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তিনি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৩ নভেম্বর।

/টিই/