ফকল্যান্ড দ্বীপে ক্রিকেটের নতুন ইতিহাস

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ফকল্যান্ড দ্বীপে ক্রিকেটের নতুন ইতিহাস
ফকল্যান্ড ক্রিকেট দল

আর্জেন্টিনার নাম শুনলেই বাংলাদেশের মানুষের চোখে ভেসে ওঠে মেসি-ম্যারাডোনার ছবি, নীল-সাদা জার্সি আর বিশ্বকাপের উন্মাদনা। আর্জেন্টিনার পাশেই রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। এই দ্বীপের নাম শুনলে মনে পড়ে যুক্তরাজ্যের সঙ্গে আর্জেন্টাইনদের রক্তক্ষয়ী যুদ্ধের কথা।

১৯৮২ সালে এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জড়িয়েছিল আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। সেই যুদ্ধে প্রাণ হারান ৬৪৯ আর্জেন্টাইন ও ২৫৫ ব্রিটিশ সেনা। ওই যুদ্ধের স্মৃতি আজও দ্বীপটির পরিচয়ের সঙ্গে জড়িয়ে। সেই ফকল্যান্ডেই এবার তৈরি হলো নতুন ইতিহাস।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপপুঞ্জটির জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০ জন।

আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার ফকল্যান্ড এবার নিজেদের মাঠে আয়োজন করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। প্রতিপক্ষ ছিল কোস্টারিকা। আট ম্যাচের সিরিজে সফরকারীদের ৬-২ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা।

দ্বীপটিতে যাতায়াতের ব্যবস্থা বেশ সীমিত। চিলির সান্তিয়াগো থেকে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট যাওয়া-আসা করে। ফলে সিরিজ আয়োজনের পরিকল্পনা করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। খেলোয়াড়দের কাজ থেকে ছুটি নেওয়া, অর্থের সংস্থানসহ নানা বিষয় সামলাতে হয়েছে আয়োজকদের।

এছাড়া বৈরী আবহাওয়া। প্রচণ্ড বাতাস, ঠান্ডা ও তুষারপাতের কারণে বছরের অল্প কয়েক মাসই সেখানে ক্রিকেট খেলা সম্ভব। এমনকি সিরিজের মাঝপথেও আবহাওয়া ও মাঠের অবস্থার কারণে সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

ক্রিকেটের সঙ্গে ফকল্যান্ডের সম্পর্ক নতুন নয়। ১৯২০ ও ১৯৩০-এর দশক থেকেই সেখানে ক্রিকেট খেলার প্রচলন রয়েছে। মাঝে জনপ্রিয়তা কমলেও ১৯৯০-এর দশকে আবার ক্রিকেটের প্রসার ঘটে। ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। এরপর ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা।

ফকল্যান্ডের ক্রিকেট দলে আছে কিছু ব্যতিক্রমী চরিত্র। ৬৪ বছর বয়সেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন অ্যান্ডি ব্রাউনলি। তিনি দ্বীপটির জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যানও। অন্যদিকে অধিনায়কত্বের পাশাপাশি কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবের দায়িত্বও সামলান সেসিল আলেকজান্ডার। নারী দল ও বয়সভিত্তিক ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেন তিনি।

ফকল্যান্ডে ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষের সংখ্যা প্রায় ৫০০। তাই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, পাকিস্তান, নেপাল থেকে আসা মানুষরাও ফকল্যান্ডের হয়ে খেলছেন।

সব প্রতিকূলতা পেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মধ্য দিয়ে নতুন এক পরিচিতি গড়ার সুযোগ পেলো ফকল্যান্ড।

/টিই/