শিরোনাম

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন রাহানে
অজিঙ্কা রাহানে

ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ও শান্ত মেজাজের ব্যাটার অজিঙ্কা রাহানে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার নিজের এই সিদ্ধান্তের কথা জানান। এর মাধ্যমে অবসান ঘটলো দেড় দশকেরও বেশি সময় ধরে চলা বর্ণাঢ্য এক ক্রিকেট অধ্যায়ের।

বিদায়বেলায় নিজের মনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাহানে বলেন, জীবনের প্রতিটি অধ্যায়েরই একটি শুরু এবং শেষ থাকে। সময় হলে সেটিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে চলাই সঠিক সিদ্ধান্ত। তিনি আরও জানান, ক্রিকেটে যেমন টাইমিং বা সঠিক মুহূর্ত বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই নিজের জীবনের এই বিশেষ সিদ্ধান্তের ক্ষেত্রেও সঠিক মুহূর্তটি অনুধাবন করা জরুরি ছিল। আর তাই আন্তর্জাতিকসহ খেলাটির সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন তিনি।

২০১১ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন রাহানে। এর কিছুদিন পর ওয়ানডে এবং ২০১৩ সালে টেস্ট দলে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের মিডল অর্ডারের অন্যতম বিশ্বস্ত কাণ্ডারি হয়ে ওঠেন এ ব্যাটার। বিশেষ করে বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে তার দায়িত্বশীল ব্যাটিং সবসময়ই দল পেয়েছে। তার ১২টি টেস্ট শতকের মধ্যে ৮টিই এসেছে দেশের বাইরের মাঠে, যা যেকোনো ব্যাটারের জন্যই বেশ প্রশংসনীয় রেকর্ড।

ভারতের জার্সিতে ৮৫টি টেস্ট খেলে ৩৮.৪৬ গড়ে ৫,০৭৭ রান সংগ্রহ করেছেন রাহানে। পাশাপাশি ৯০টি ওয়ানডেতে ২,৯৬২ রান এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৭৫ রান রয়েছে তার নামের পাশে। ২০২৩ সালের জুলাইয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি।

রাহানের এ বিদায়ে স্মৃতিচারণ করে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক জানান, রাহানের অবসরে ভারতীয় ক্রিকেটের দারুণ এক অধ্যায়ের ইতি ঘটল। যেকোনো সংকটে মাথা ঠাণ্ডা রেখে লড়াই করা, সততা এবং খেলার প্রতি তার নিবেদন তাকে আলাদা মর্যাদা দিয়েছে। ক্রিকেটে তার অবদান আগামী দিনের উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

/এমএকে/