শিরোনাম

এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না: গোলাম পরওয়ার

খুলনা সংবাদদাতা
এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না: গোলাম পরওয়ার
ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না বলে জানিয়েছেন খুলনা-৫ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফুলতলা উপজেলার শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটপ্রদান শেষে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশ কে চালাবে, সেটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে। সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আমরা ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাবো।’

ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমি তো আমার কেন্দ্রই দেখতে পাচ্ছি। পরিবেশ শান্তিপূর্ণ আছে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘২০১৮ সালে আমি এই আসনের প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, আমাকে ভোটের দিন সকালে বলা হয়েছিল- আপনি ভোটকেন্দ্রে আসবেন না, আসলে গ্রেপ্তার করা হবে। তো আজকে সেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে, শত শত মানুষ ভোট দিচ্ছে। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পর আরেকটা পরিবর্তিত বাংলাদেশ এ জাতি উপহার পাবে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দলের মনোনীত এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। মোট প্রার্থীর মধ্যে পুরুষ ১ হাজার ৯৪৬ জন (রাজনৈতিক দল ১ হাজার ৬৯২, স্বতন্ত্র ২৫৩) এবং নারী প্রার্থী ৮৩ জন (রাজনৈতিক দল ৬৩, স্বতন্ত্র ২০)।

এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। সারা দেশে স্থাপিত ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রকে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। সাধারণ কেন্দ্র রয়েছে ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

/জেএইচ/