শিরোনাম

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে কাজ করতে হবে। নির্বাচন শেষ হয়েছে। গণতন্ত্রের যাত্রা শুরু হয়ে গেছে। তাই দেশের মানুষ অনেক আশা, প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী নিজের পাশাপাশি বিএনপি নেতা এবং তাঁর সফরসঙ্গীদের ইফতারের দাওয়াত দেওয়ায় জন্য জামায়াতে ইসলামীর নেতাদের ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির শফিকুর রহমান একই টেবিলে বসেন। তাদের সঙ্গে বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদের আল্লাহ-তাআলা দেবেন।’

Untitled design (55)
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে দলটির আমির শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সিটিজেন জার্নাল

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্র হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ আমরা পেয়েছি।’

/বিবি/