শিরোনাম

আমরা গতানুগতিক বিরোধী দলের ভূমিকা পালন করব না: জামায়াত আমির

বিশেষ প্রতিনিধি
আমরা গতানুগতিক বিরোধী দলের ভূমিকা পালন করব না: জামায়াত আমির
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন দলটির আমির শফিকুর রহমান ছবি:সংগৃহীত

জামায়াতের আমির ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘আমরা গতানুগতিক বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখতে চাই না। আমাদের চাওয়া এই সংসদ যেন অর্থবহ ও জনগণের সব চাওয়া-পাওয়ার কেন্দ্রে পরিণত হয়। সংবিধান থেকে কালো আইন সম্মিলিতভাবে বাতিল করার প্রয়াস চালাবো।’

শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াতের আমির প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি নেতৃবৃন্দ এবং তার সফরসঙ্গীদের ইফতারের অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। ইফতারে প্রধানমন্ত্রী ও জামায়াতের আমির শফিকুর রহমান একই টেবিলে বসেন।

ইফতারে বিভিন্ন দলের নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমার মনে হচ্ছে, গত আঠারো-উনিশ বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের এই ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে।

জামায়াত আমির আশাবাদ প্রকাশ করে বলেন, ‘সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধীদলের অবস্থান থেকে দায়িত্বশীল, গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি। নির্বাচন যেমন ‘আমি-ডামি’ ছিল, সরকারি ও বিরোধী দলও তেমন ‘আমি-ডামি’ ছিল। এই ধরনের কোনো বিরোধী দল দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। ‘

সরকারি দলকে উদ্দেশে করে তিনি বলেন, ‘সরকারের গৃহীত সকল সংগত পদক্ষেপে পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় যদি দেখি যে সরকার কোনো অসংগত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন সেক্ষেত্রে প্রথমে আমরা দৃষ্টি আকর্ষণ করব ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবো। সরকার আমাদের পরামর্শ গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হবো, জাতি উপকৃত হবে। পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই আমরা পালন করবো।’ সংসদ কারও চরিত্র হননের কেন্দ্রবিন্দু হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শফিকুর বলেন, ‘যেসমস্ত কালো আইন সংবিধানে রয়ে গেছে, সম্মিলিতভাবে সেগুলো দূর করার প্রয়াস চালাব। আর যে আইন সংযোজনের প্রয়োজন, সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই এগিয়ে যাব।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অনেকেই বক্তব্য দেন। পরে দোয়া ও ইফতার মাহফিলে সকলে অংশ নেন।

ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ম্ঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।

/বিবি/