শিরোনাম

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে মার্কিন ভিসা সাক্ষাৎকার বাতিল

সিটিজেন ডেস্ক
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে মার্কিন ভিসা সাক্ষাৎকার বাতিল
করাচিতে মার্কিন কনস্যুলেট ভবনের বাইরে সংঘর্ষের সময় পুলিশের হাত থেকে পালাতে থাকে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভিসা আবেদনকারীদের নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করেছে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাময়িক এই সিদ্ধান্ত নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, এই নির্দেশনা শুধু ইসলামাবাদে নয়, লাহোর ও করাচিতে থাকা মার্কিন কনস্যুলেটগুলোতেও প্রযোজ্য হবে। আগামী ৬ মার্চ শুক্রবার পর্যন্ত সাক্ষাৎকার কার্যক্রম স্থগিত থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের পর গত রোববার করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালান। এতে অন্তত ১০ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হন।

একই দিনে পাকিস্তানের গিলগিত-বালতিস্তান অঞ্চলেও পৃথক সহিংস ঘটনায় আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: আল-জাজিরা