শিরোনাম

আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর নির্বাচনী প্রচারে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজশাহীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন। আজ দুপুর ২টার দিকে জনসভায় বিএনপির চেয়ারম্যানের যোগ দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ইতোমধ্যেই রাজশাহীতে অবস্থান করছেন।

এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, তারেক রহমানের আগমনকে ঘিরে জনসভা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের এক সম্মেলনে অংশ নিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমন উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মাদ্রাসা মাঠের এই সমাবেশ সফল করতে দিন-রাত পরিশ্রম করেছেন দলের নেতাকর্মীরা।

এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, এই জনসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আমরা আশা করছি। আমাদের ধারণা, প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের সমাগম ঘটতে পারে। সে লক্ষ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/জেএইচ/