শিরোনাম

গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ঐক্য জরুরি: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ঐক্য জরুরি: রিজভী
আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সেমিনারে কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী

গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২০ জুলাই) ঢাকার উত্তরায় আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি। অন্যথায় নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী দেশি-বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

তিনি বলেন, ভয়ঙ্কর দানবের কাছে থেকে জুলাই-আগস্টের এ পরিবর্তনের মাধ্যমে অন্তত গণতন্ত্রের কিছুটা আলো দেখানোর চেষ্টা হয়েছে। এখন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা রয়েছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর ও তীক্ষ্ণ। এ তাৎপর্যকে আমাদের আরও উপলব্ধি করতে হবে এবং রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য আমাদের যেসব কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করতে হবে।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসবি/