শিরোনাম

সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

পিরোজপুর সংবাদদাতা
পিরোজপুর সংবাদদাতা
সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ
পথসভায় বক্তব্য দিচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সরকার গ্রামগঞ্জের মানুষের হাতে বিদ্যুতের পরিবর্তে মোমবাতি ও হারিকেন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রবিবার (১৯ জুলাই) রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পরে সেই দাম আর কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এই সরকারের আমলে লোডশেডিং বেশি হচ্ছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের আমলে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে যে গ্রামগঞ্জে বিদ্যুৎ এখন মাঝে মধ্যে আসে, অধিকাংশ সময়ই থাকে না। ফলে মানুষ বিদ্যুতের বদলে মোমবাতি ও হারিকেনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে।

ওই পথসভায় এনসিপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/বিবি/