শিরোনাম

মক্কা চুক্তি: হুথি বিদ্রোহীদের সতর্কবার্তা পাকিস্তানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মক্কা চুক্তি: হুথি বিদ্রোহীদের সতর্কবার্তা পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

সৌদি আরবের ওপর যেকোনো ধরনের সামরিক আগ্রাসন বড় সামরিক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বার্তা দিয়েছে পাকিস্তান। ত্রিপাক্ষিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’র কথা স্মরণ করিয়ে দিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি ভূখণ্ডে যেকোনো আক্রমণের পাল্টা জবাবে এ সামরিক চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চুক্তির শর্তাবলি মেনে চলতে বাধ্য এবং সৃষ্টিকর্তার ইচ্ছায়, কোনো আগ্রাসন চালানো হলে আমরা এই চুক্তির প্রতি সম্মান জানাব। এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকার সুযোগ নেই। হুথিদের বোঝা উচিত যে তাদের কর্মকাণ্ডের ফলে চুক্তিটি কার্যকর হয়ে উঠতে পারে।’

১৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে এ ঐতিহাসিক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ সই হয়। সমঝোতা অনুযায়ী, চুক্তিভুক্ত কোনো দেশ যদি বাইরের শক্তির আক্রমণের শিকার হয়, তবে অপর অংশীদার দেশগুলো তাদের সব সামরিক সামর্থ্য নিয়ে আক্রান্ত দেশের পাশে দাঁড়াতে বাধ্য থাকবে।

তবে এ মুহূর্তে হুথিদের মোকাবিলায় রিয়াদ ইসলামাবাদের কাছে কোনো সরাসরি সেনা বা সামরিক সহযোগিতা চেয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানান খাজা আসিফ। তিনি বলেন, ‘আমি এখনও জানি না যে ইসলামাদের কাছে রিয়াদ সহযোগিতা চেয়েছে কি না। আর আমরা চাই যে শিগগিরই সংঘাতের নিরসন হোক; কিন্তু যদি তা না ঘটে এবং রিয়াদ ইসলামাবাদের সহযোগিতা চায়, সেক্ষেত্রে আমরা চুক্তি মেনে সহযোগিতা করতে বাধ্য থাকব।’

পাকিস্তানের পক্ষ থেকে এ কড়া বার্তা এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যের এ সীমান্ত এলাকায় উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে। সম্প্রতি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলের একটি কারাগারে সৌদি জোট বিমান হামলা চালালে ১১ জন কয়েদি নিহত হন। এরই জের ধরে পরের দিনই সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় চারটি জেলা লক্ষ্য করে পাল্টা বড় ধরনের হামলা চালায় হুথিরা, যাতে অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

সূত্র: জিও নিউজ

/এমএকে/