শিরোনাম

বিএনপি নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করছে: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক
বিএনপি নির্বাচনী ইশতেহার লঙ্ঘন করছে: সারোয়ার তুষার
আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপি নেতা সারোয়ার তুষার। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপি নিজেদের নির্বাচনী ইশতেহার অক্ষরে অক্ষরে পালন করার পরিবর্তে পাতায় পাতায় লঙ্ঘন করা শুরু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) অক্ষরে অক্ষরে হিপোক্রেসি। তারা আঙুল থেকে ভোটের দাগ মোছার আগেই গণভোট মুছে দিয়েছে। এখন তারা বলেছে, তাদেরকে এটা নাকি জোর করে খাওয়ানো হয়েছে।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, ‘আমি চাই বিএনপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করুক। আমি চ্যালেঞ্জ করে বলছি, বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতির কাছে কামব্যাক করতে পারবে না। যেখানে তারা অলরেডি গেছে, সেটা হচ্ছে চোরাবালি। চোরাবালিতে নড়াচড়া করলে আরও তলাতে থাকে। দুর্ভাগ্য হচ্ছে— শুধু বিএনপি তলাচ্ছে না, আমাদেরসহ পুরো দেশকে নিয়ে তলাচ্ছে। এই ইতিহাস তাদের অতীতেও আছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গণভোটে হাঁ ভোট দিতে বলেছে। এখন গণভোট বিএনপির মধ্যে একটা গৃহবিবাদ সৃষ্টি করেছে। বিএনপি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজেছেন। আমি বিশ্বাস করি, গোপন ব্যালটে আপনি (তারেক রহমান) হাঁ ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে একবিন্দুও সন্দেহ নেই আমার। কারণ তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। যাদের দুজনের সাথে দুটি গণভোট জড়িত।’

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পত্রিকা পড়া নিয়ে এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, ‘আপনি সংসদে বসে পত্রিকা পড়ছেন, এটা ভালো। তবে কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদে কিন্তু পত্রিকা পড়া যায় না। প্রধানমন্ত্রী নিশ্চয়ই কার্যপ্রণালি বিধি খেয়াল করেছেন। ২৬৭ নাম্বার ধারায় দেখুন, সংসদে পত্রিকা পড়ার নিয়ম নেই। কিন্তু, উনি পড়েন এবং এটি আমরা জাতি হিসেবে ছাড় দিতে কিংবা মেনে নিতে প্রস্তুত আছি। কিন্তু আপনাকে সংসদে রাজনৈতিক প্রশ্নে মুখ খুলতে হবে। সংসদে আপনার হয়ে আরেকজন কথা বলবে–এ ধরনের প্রধানমন্ত্রী দেখলে আমাদের হৃদয় ফেটে যায়।’

আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সমন্বয়ক ফাহিম মাশরুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/