শিরোনাম

দেশে স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী

নিজস্ব প্রতিবেদক
দেশে স্মার্টফোন ব্যবহারে শীর্ষে ফেনী
প্রতীকী ছবি

দেশে মোবাইল ফোনের ব্যবহার এখন সর্বজনীন হলেও স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে প্রকট ভৌগোলিক বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। ফেনী ও কুমিল্লার মানুষ স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে থাকলেও উত্তরাঞ্চল ও উপকূলীয় জেলাগুলো এক্ষেত্রে এখনো অনেকটা পিছিয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি এক্সেস অ্যান্ড ইউজ সার্ভে ২০২৪-২৫’-এর তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্যানুযায়ী, থানা পর্যায়ে স্মার্টফোন ব্যবহারের তালিকায় শীর্ষে রয়েছে ফেনী জেলা। এর পরেই রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। এ ছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর শীর্ষ দশে স্থান পেয়েছে।

অন্যদিকে, স্মার্টফোন ব্যবহারে সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে- পঞ্চগড়, কুড়িগ্রাম, ঝালকাঠি, শেরপুর ও নীলফামারী। এসব জেলায় স্মার্টফোনের বিস্তার তুলনামূলকভাবে কম। যা আধুনিক ডিজিটাল সেবায় প্রবেশাধিকার সীমিত করে দিচ্ছে। তবে সাধারণ মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে চিত্র কিছুটা ভিন্ন। থানা পর্যায়ে মোবাইল সংযোগে শীর্ষে রয়েছে কিশোরগঞ্জ, এরপর লক্ষ্মীপুর, বান্দরবন, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ। এ থেকে বোঝা যায়, সাধারণ মোবাইল প্রযুক্তি দেশের প্রায় সব জায়গায় পৌঁছে গেলেও স্মার্টফোন ব্যবহারে বৈষম্য এখনো বিদ্যমান।

মোবাইল সংযোগে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে- নড়াইল, মেহেরপুর, শেরপুর, রংপুর ও বরিশাল।

বিশ্লেষণে দেখা যায়, প্রযুক্তিগত বিভেদের মূল কারণ স্মার্টফোনের সহজলভ্যতা, আয় বৈষম্য এবং ডিজিটাল দক্ষতার ঘাটতি।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্মার্টফোন ব্যবহারের এই বৈষম্য দূর না হলে ডিজিটাল সেবা ও ইন্টারনেটভিত্তিক অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

/এসবি/