শিরোনাম

জামিন পেলেন সেই চিন্ময় দাস

সিটিজেন ডেস্ক
জামিন পেলেন সেই চিন্ময় দাস
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন থাকায় আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যে মামলায় তিনি জামিন পেয়েছেন, চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা, সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। ২০২৩ সালে চট্টগ্রামের হাটহাজারীর মেখলে এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে মামলাটি করা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে গত ৭ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছিল। মামলাটির তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিয়েছে।

তবে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

হত্যা মামলায় গত বছরের ১ জুলাই পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশে ওই আইনজীবীকে হত্যা করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর লাঠি, ইটসহ বিভিন্ন বস্তু দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন।

গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।

/এসএ/