শিরোনাম

২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসি

সিটিজেন ডেস্ক
২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসি
ছবি: সংগৃহীত

তীব্র আর্থিক চাপ ও ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার (১৫ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এই সিদ্ধান্তের ফলে সংবাদমাধ্যমটির ২১ হাজার ৫০০ কর্মীর প্রায় ১০ শতাংশ চাকরি হারাবেন, যা ২০১১ সালের পর বিবিসির সবচেয়ে বড় ছাঁটাই প্রক্রিয়া।

আগামী ১৮ মে গুগলের সাবেক শীর্ষ নির্বাহী ম্যাট ব্রিটিন বিবিসির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের ঠিক আগেই এ ব্যাপক রদবদল ঘটতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প, গাজা এবং সমকামী অধিকার সংক্রান্ত সংবাদ পরিবেশন নিয়ে বিতর্কের জেরে গত ২ এপ্রিল বিদায়ী মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বিবিসি ৬০ কোটি পাউন্ডের একটি ব্যয় সংকোচন পরিকল্পনা ঘোষণা করেছিল, যেখানে কর্মী হ্রাস ও কিছু অনুষ্ঠান বন্ধের সতর্কতা দেওয়া হয়েছিল। সে সময় টিম ডেভি জানিয়েছিলেন, আগামী তিন বছরে ৬০০ কোটি পাউন্ডের বার্ষিক ব্যয়ের ১০ শতাংশ কাটছাঁট করতে হবে। এদিকে, ব্রিটিশ সরকারের সঙ্গে বিবিসির রাজকীয় সনদ বা রয়্যাল চার্টার নবায়ন নিয়ে জোর আলোচনা চলছে, যার মেয়াদ আগামী বছরের শেষে ফুরোবে। সম্প্রচার ও থিয়েটার ইউনিয়ন বিইসিটিইউ-এর প্রধান ফিলিপ্পা চাইল্ডস এ ছাঁটাইকে বিপর্যয়কর আখ্যা দিয়ে বলেছেন, এর ফলে আগের ছাঁটাইয়ের চাপে থাকা কর্মীদের দুর্দশা বাড়বে এবং বিবিসির জনসেবামূলক লক্ষ্য পূরণের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় সম্প্রচার মাধ্যমটিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তিনি সরকারকে বিবিসির অর্থায়ন নিরাপদ ও দীর্ঘমেয়াদী করার আহ্বান জানান।

যুক্তরাজ্যে গত ১ এপ্রিল থেকে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক লাইসেন্স ফি বাড়িয়ে ১৮০ পাউন্ড করা হয়েছে। গত বছর ২ কোটি ৩৮ লাখ গ্রাহকের কাছ থেকে লাইসেন্স ফি বাবদ ৩৮০ কোটি পাউন্ড এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে আরও ২০০ কোটি পাউন্ড আয় করেছে কর্পোরেশনটি। তবে ফি ফাঁকি এবং নেটফ্লিক্স বা ডিজনির মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে বিবিসির গ্রাহক সংখ্যা গত বছরের তুলনায় প্রায় তিন লাখ কমে গেছে। গত ফেব্রুয়ারিতে টিম ডেভি স্ট্রিমিং ও ইউটিউবের যুগেও বিবিসির শক্ত অবস্থান ধরে রাখার দাবি করলেও, মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা অফকম আগেই সতর্ক করেছিল পাবলিক সার্ভিস টেলিভিশনগুলো বর্তমানে বিলুপ্তির চরম ঝুঁকিতে রয়েছে। বিগত তিন বছরে ৫০ কোটি পাউন্ড সাশ্রয় করে তা পুনরায় বিনিয়োগের কথা জানালেও, দ্রুত পরিবর্তনশীল মিডিয়া বাজারে টিকে থাকতে বিবিসি যে ক্রমাগত কাঠামোগত ও আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তা এই বিশাল ছাঁটাইয়ের মাধ্যমেই স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/