শিরোনাম

আওয়ামী লীগের ১৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আওয়ামী লীগের ১৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
মামলায় নাজিম উদ্দিন উজ্জ্বল নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯২ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, সোমবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলায় অভিযুক্তদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নাজিম উদ্দিন উজ্জ্বল নামে আওয়ামী লীগের এক কর্মীকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার একটি সাততলা ভবনের সামনে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে পুলিশ সদস্যরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমবেত অবস্থায় দেখতে পান বলে দাবি করা হয়েছে।

এজাহার অনুযায়ী, তারা জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং মিছিল-সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের অভিযোগ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯) নামে একজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি সোনারগাঁ উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রাম এলাকায়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর সেনপাড়া এলাকায় বসবাস করছেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, থানা তাঁতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূঁইয়া, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি দেলোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহমেদ জিসান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শিব্বির, শ্রমিক লীগ নেতা লিটন, ছাত্রলীগ নেতা যুবরাজ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহসভাপতি কবির চৌধুরী, শ্রমিক লীগ নেতা কবির হোসেন, আওয়ামী লীগ নেতা মো. আলী, যুবলীগ নেতা আব্দুল কাদির খোকন ও মাসুমসহ আরও অনেকে।

ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনার সুযোগ যাতে না থাকে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/এমআর/