শিরোনাম

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১২ জুলাই) সকালে এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় জামায়াত আমির বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

তিনি বলেন, জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতারাসহ যাদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। কোনোদিন আমরা জোর করেও তাকে কোনো ফি দিতে পারিনি। তিনি বলতেন, এটি আমার নৈতিক দায়িত্ব-এই মজলুমদের পাশে দাঁড়ানো। আমরা তার কাছে গভীর কৃতজ্ঞ।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তার দোষ-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন।

/এসবি/