শিরোনাম

দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতার দাবিতে সাংবাদিকদের সমাবেশ
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গণমাধ্যমকর্মীদের জন্য অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানানো হয়।

বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এবং দৈনন্দিন ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিক সমাজ তীব্র আর্থিক সংকটে রয়েছে। সরকার তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ালেও, সাংবাদিকদের কিছুই বাড়েনি। সাংবাদিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন। সাংবাদিকরা যে বেতন পায়, সেই বেতনে টিকে থাকা দুষ্কর হয়ে পড়েছে।

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড গঠন, অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করতে হবে। আমরা আশা করছি, এই সরকার সাংবাদিকবান্ধব সরকারের পরিচয় দেবেন।

সমাবেশে এসময় ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, দেশে এখন নির্বাচিত সরকার এসেছে। আমরা চাই আপনারা সাংবাদিকদের পাশে দাঁড়ান। যেসকল সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, সেসব সংবাদমাধ্যমের কর্মীদের প্রণোদনা দিতে হবে। দশম ওয়েজ বোর্ড গঠন করে, তা বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা এবং বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন না করলে সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে ডিইউজে'র সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

/এসবি/