শিরোনাম

নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মুসলিমনগর এলাকার তাহসিনুল কোরআন মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত রফিকুল মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা।

ঘটনার পর ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা তাকে বাড়ি নিয়ে যান। সেখানে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। খবরটি ছড়িয়ে পড়লে বুধবার বিকেলে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করে আটকে রাখে। পরিস্থিতি সামাল দিতে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রফিকুলকে থানায় নিয়ে আসে।

রাতে নির্যাতনের শিকার ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মামলা দায়েরের পর রফিকুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী ছাত্রটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা যায়, নির্যাতিত ১৭ বছর বয়সী ওই ছাত্র বছরখানেক আগে কোরআন হেফজ করতে মাদ্রাসাটিতে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক রফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। সবশেষ গত ৩১ অগাস্ট রাতে মাদ্রাসার বাথরুমে ‘গামছা দিয়ে মুখ বেঁধে’ তাকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অভিযুক্ত রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, নির্যাতিত ছাত্র বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় তার জবানবন্দি দিয়েছে।

/এমএকে/