শিরোনাম

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে মতবিনিময় সভা

সিটিজেন ডেস্ক
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে মতবিনিময় সভা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও বৃত্তির সুযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক জুকিফেরি বিন ইব্রাহিমও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সাত সদস্যের একটি প্রতিনিধি দলে আরও ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আবদুর রব এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

/এমআর/