শিরোনাম

১৫ দিনে শাহজালালে ৫০০ ফ্লাইট বাতিল

সিটিজেন ডেস্ক
১৫ দিনে শাহজালালে ৫০০ ফ্লাইট বাতিল
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১৫ দিনে ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট ৫০০টি ফ্লাইট বাতিল হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় বিভিন্ন এয়ারলাইন্সের এসব ফ্লাইট বাতিল করা হয়।

তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি এবং ১৪ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ১৫ মার্চ রাত ১২টার পর আরও ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ২টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি ফ্লাইট।

তবে একই সময়ে সীমিত পরিসরে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট পরিচালিতও হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত মোট ৫৩৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পিত রয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে মাসকাটগামী বেশ কয়েকটি ফ্লাইট নিয়মিতভাবে পরিচালিত হয়েছে। একইভাবে সৌদি আরবগামী ফ্লাইটও বিভিন্ন দিনে চলাচল করেছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতগামী দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে কিছু ফ্লাইট পরিচালিত হয়েছে এবং ১৫ মার্চ ইউএইগামী মোট ২২টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমার পরিস্থিতির ওপর নির্ভর করেই ফ্লাইট পরিচালনা বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

/এমআর/