শিরোনাম

মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকো-পার্কে রূপান্তরের ঘোষণা

সিটিজেন ডেস্ক
মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকো-পার্কে রূপান্তরের ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম মাতুয়াইল ল্যান্ডফিলকে ইকো-পার্কে রূপান্তরের ঘোষণা করেছেন।

আজ সোমবার (১৬ মার্চ) মাতুয়াইল ল্যান্ডফিল পরিদর্শনের সময় সেখানে স্থাপিত নতুন কম্পোস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। এ সময় সাবেক ডেপুটি মেয়র আলহাজ্ব নবীউল্লাহ নবীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক জানান, মাতুয়াইল ল্যান্ডফিলকে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নত পরিবেশ প্রযুক্তির মাধ্যমে একটি দৃষ্টিনন্দন ইকো-পার্ক ও খেলার মাঠে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ল্যান্ডফিল এলাকার দুর্গন্ধ এবং দূষণ দূর করে নাগরিকদের জন্য বিনোদন ও বিশ্রামের জায়গা তৈরি করা হবে।

প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, ‘ল্যান্ডফিলে প্রতিদিন সংগ্রহ হওয়া ৩২০০-৩৫০০ টন বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করার লক্ষ্যে একটি কোরিয়ান বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ঈদুল আযহার পর প্রকল্পের কাজ শুরু হবে। এর মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ, গ্যাস ও জৈব সার উৎপাদন করা সম্ভব হবে।’

উদ্বোধন হওয়া কম্পোস্ট প্ল্যান্টে প্রতিদিন ১০০ টন গৃহস্থালী পচনশীল বর্জ্য থেকে ২০ টন জৈব সার উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রশাসক জানিয়েছেন, পরিকল্পনা সফল হলে পরিসর আরও সম্প্রসারণ করা হবে, যা সিটি কর্পোরেশনের রাজস্ব বৃদ্ধি ও গ্রিন হাউস গ্যাস হ্রাসে সহায়ক হবে।

অগ্নি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৮১ একর এলাকা জুড়ে ৪০টি হাইড্রেন্ট স্থাপন, পানির লাইন ও স্থায়ী জলাধার নির্মাণ করা হচ্ছে। জরুরি ভিত্তিতে আগুন নেভানোর জন্য নতুন ৬টি পোর্টেবল পাম্প কেনা হয়েছে। প্রশাসক বলেন, ‘ময়লার স্তূপের উপর মাটির আচ্ছাদন প্রায় ৪০ শতাংশ সম্পন্ন, যা দুর্গন্ধ ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সহায়ক।’

প্রশাসক আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই মাতুয়াইল এলাকা নাগরিকদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশে রূপান্তরিত হবে।’

/এমআর/