শিরোনাম

দোকান খোলা-বন্ধে নতুন সময়সূচির প্রস্তাব মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক
দোকান খোলা-বন্ধে নতুন সময়সূচির প্রস্তাব মালিক সমিতির
ছবি: সিটিজেন জার্নাল

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর কথা বিবেচনা করে রাজধানীসহ সারা দেশের দোকান ও শপিংমল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতানের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করে সরকার।

সিদ্ধান্ত অনুযায়ী, একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানের মতো জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর নজরদারি করবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবার অংশ হিসেবে ফার্মেসিগুলো রাত পর্যন্ত বা ২৪ ঘণ্টা খোলা থাকতে পারবে। এ ছাড়া খাবারের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকবে। হাসপাতালসংলগ্ন দোকান বা জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারে।

/এসবি/