শিরোনাম

চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করবে ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করবে ইসি
ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের মধ্যে নির্বাচনি বিধিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

মঙ্গলবার (৭ জুলাই) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনি আচরণ বিধিমালার খসড়া আমরা ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছি। এছাড়া দলগুলোকে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছি। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত করে ফেলবো। এছাড়া নির্বাচন বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এটাও জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।

ইসির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি , ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন ১০৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

জানা গেছে, দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ৩২০টি। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়। উপজেলা পরিষদের রোডম্যাপ থেকে জানা যায়, নতুন ৫টি উপজেলাসহ দেশে মোট উপজেলা ৫০০টি। কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।

/এসবি/