শিরোনাম

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা

পাকিস্তানের লাহোরে একটি বেসরকারি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে লাহোরের কাহনা এলাকার একটি প্রাইভেট টিউশন সেন্টারে ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির জিও নিউজকে বলেন, ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে প্রায় ২০ জন আটকা পড়েছিলেন। যাদের মধ্যে ১৪ শিশু ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে।

পাকিস্তানের জরুরি পরিষেবা-রেসকিউ ১১২২-এর একজন মুখপাত্র বলেন , বর্তমানে একজন নারী শিক্ষিকা ও আটজন শিশু একাধিক আঘাত নিয়ে লাহোর জেনারেল হাসপাতালে (এলজিএইচ) চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৫ শিশুর অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী ধসে পড়া কক্ষটির ছাদ টি-আর গার্ডারের ওপর দুর্বলভাবে নির্মিত ছিল। এর মধ্যেই ভবনটির ওপরের তলায় নতুন করে নির্মাণকাজ চলছিল, তবে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নিচতলায় শিশুদের ক্লাস নেওয়া হচ্ছিল।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক এক্স বার্তায় এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ এবং আহত শিশুদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ।