শিরোনাম

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯
পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্য

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী রবিবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একটি স্থল অভিযান পরিচালনা করেছে। এ সময় জঙ্গিদের আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থলে ‘পরিকল্পিত হামলা’ চালায়। এতে অন্তত ২৯ জন জঙ্গি নিহত হয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, দেশজুড়ে একাধিক জঙ্গি হামলার জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। তবে এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ এই সহিংসতার জন্য বেশিরভাগ সময় তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবান এবং তাদের সহযোগী জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। তারা আফগানিস্তানে অবস্থান করছে।

বন্দুক ও বিস্ফোরক সজ্জিত জঙ্গিরা দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলা চালিয়ে তিন সেনাকে হত্যা করার একদিন পর এই ঘটনাটি ঘটল। এ সময় নিরাপত্তা বাহিনী তিন হামলাকারীকে হত্যা করে এবং আহত অবস্থায় থাকা আরেক জনকে গ্রেপ্তার করে। সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ‘জামাতুল আখবার’ নামে একটি পৃথক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি টিটিপিরই একটি শাখা গোষ্ঠী। ওই ব্যক্তি আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তানি তালেবানের একটি বিচ্ছিন্ন অংশ জামাত-উল-আহরার শনিবার রাতে এক বিবৃতিতে করাচি হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: এপি

/জেএইচ/