শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৫৮ হাজার ভবন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৫৮ হাজার ভবন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিধ্বস্ত ভবনে উদ্ধার অভিযান

দীর্ঘদিন ধরে অর্থনৈতিকভাবে জর্জরিত ভেনেজুয়েলা জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়েছে। এ ঘটনায় দেশটিতে ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে।

মঙ্গলবার (৩০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

এর আগে, বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ মানুষের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। গত একশ বছরের মধ্যে এগুলো ভেনেজুয়েলায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল।

ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজ্যুলেশনের রাডারের ছবির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক জেমন ভন ডেন হোয়েক বলেন, গত ২৫ জুন স্যাটেলাইট রাডার ডাটা ঘেটে দেখা গেছে, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

তিনি বলেন, এটি একটি প্রাথমিক এবং তাৎক্ষণিক পর্যবেক্ষণ। ছবিতে পৃষ্ঠতলে আকস্মিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। যা ক্ষয়ক্ষতির লক্ষণ।

এদিকে, ভেনেজুয়েলার সরকার জানিয়েছে ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। সেখানে শত শত ভবন ধসে পড়েছে।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এখনো জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করা হচ্ছে না।

জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ এই ভূমিকম্পে ৭৭৪টি ভবন ধসে পড়েছে। এতে ১২ হাজার ৭২১ জন বাস্তুচ্যুত হয়েছেন।

এদিকে, আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও গুরুত্বপূর্ণ সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সবশেষ সোমবার ভোরে ১০০ ঘণ্টারও বেশি সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর রাস্তায় ভেনেজুয়েলার পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেলেও উদ্ধার অভিযানে তাদের তেমন দেখা যায়নি।

/এসবি/