শিরোনাম

স্মার্ট সরকার গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ইনোভেশন টিম’ পুনর্গঠন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
স্মার্ট সরকার গঠনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ইনোভেশন টিম’ পুনর্গঠন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো

নাগরিককেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সম্পূর্ণ কাগজবিহীন একটি উপাত্তনির্ভর ও সমন্বিত সরকার ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ইনোভেশন টিম’ (উদ্ভাবনী দল) পুনর্গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এক অফিস আদেশে ৯ সদস্যের এই টিম গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই টিমে প্রশাসন, নিরাপত্তা, পরিকল্পনা এবং আইসিটি সেলের অভিজ্ঞ কর্মকর্তাদের সম্পৃক্ত করা হয়েছে।

টিমে চীফ ইনোভেশন অফিসার হিসেবে প্রশাসন-১ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীন মনোনীত করা হয়েছে। টিমে বিকল্প চীফ ইনোভেশন অফিসার হিসেবে যুগ্মসচিব মো. তরিকুল ইসলাম এবং সদস্য সচিব সিস্টেম এনালিস্ট নূর মোহাম্মদকে মনোনীত করা হয়েছে। এছাড়া বিকল্প সদস্য সচিব হিসেবে সিস্টেম এনালিস্ট মো. আইয়ুব হোসেন, সদস্য হিসেবে সরকারের চারজন উপসচিব (পরিকল্পনা, পুলিশ, প্রশাসন ও সচিবালয় নিরাপত্তা শাখা) এবং আইসিটি সেলের একজন প্রোগ্রামারকে মনোনীত করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রণালয়ের কাজের গুণগত পরিবর্তন এবং নাগরিক সেবা আরোও সহজ করতে এই টিমকে ২১টি সুনির্দিষ্ট দায়িত্ব বা কার্যপরিধি দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা অগ্রসরমান প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নাগরিককেন্দ্রিক স্মার্ট সেবা নিশ্চিত করা, সরকারি কার্যক্রমে উপাত্তনির্ভর সংস্কৃতির বিকাশ ঘটানো, ডাটা অ্যানালিটিক্স ও ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে প্রজেক্ট গ্রহণ এবং সরকারি ডাটা সেন্টারে তথ্য সংরক্ষণ নিশ্চিত করা, ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি এড়াতে পুরো মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা ও উপাত্ত সুরক্ষা নিশ্চিতে বিশেষ উদ্যোগ গ্রহণ, মন্ত্রণালয়ের সব সেবাকে ই-সেবায় রূপান্তর, ই-ফাইল (নথি) ব্যবস্থার আধুনিকায়ন এবং সমন্বিত প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বয় ও ই-পার্টিসিপেশন বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল বৈষম্য কমিয়ে আনা, ভেন্ডর বা নির্মাতাদের কাছ থেকে মন্ত্রণালয়ের নিজস্ব সফটওয়্যারের সোর্স কোড বুঝে নেওয়া, তা সুরক্ষিত করা এবং সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং নিশ্চিত করা।

অফিস আদেশে বলা হয়েছে, ইনোভেশন টিম প্রতি মাসে অন্তত একটি সভা করবে এবং কাজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করবে। এছাড়া প্রতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে বিগত বছরের একটি পূর্ণাঙ্গ বার্ষিক প্রতিবেদন তৈরি করে তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো এবং মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে।

/এসবি/