শিরোনাম

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে
ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো (বায়ে), আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি

ফুটবল বিশ্বকাপে এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টের বাকি পথেও দুই দল জয়ের ধারা ধরে রাখতে পারলে সেমিফাইনালে দেখা হতে পারে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

সম্ভাব্য সেই মহারণকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন দুই দলের অতীত রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে কতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল? কার ঝুলিতে বেশি জয়? আর শেষ দেখাতেই বা কে জিতেছিল?

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারবার একে অপরের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে ব্রাজিল। চার ম্যাচের মধ্যে দুটি জিতেছে সেলেসাওরা, একটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র হয়েছে। তবে সর্বশেষ দেখায় জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

দুই দলের প্রথম বিশ্বকাপ-সাক্ষাৎ ১৯৭৪ সালে, পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেবার ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচের ৩২তম মিনিটে রিভেলিনোর গোলে এগিয়ে যায় তারা। তবে তিন মিনিট পর মিগুয়েল ব্রিনদিসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জাইরজিনহোর গোলে আবারও এগিয়ে যায় ব্রাজিল, যা শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

চার বছর পর ১৯৭৮ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে পড়ে দুই দল। ১৮ জুন অনুষ্ঠিত সেই ম্যাচে কোনো দলই জালের দেখা পায়নি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় লড়াইটি।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হয় দুই দল। সেই ম্যাচে ব্রাজিল ছিল অনেক বেশি প্রভাবশালী। জিকো, সোক্রাতেস ও জুনিয়রদের দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ৩-১ গোলের ব্যবধানে হারায় সেলেসাওরা।

এরপর ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা হয় দুই দলের। সেবারই প্রথমবারের মতো ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। রাউন্ড অব সিক্সটিনের সেই ম্যাচে ক্লদিও কানিজিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় দিয়েগো ম্যারাডোনার দল। পরবর্তীতে সেই বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল আর্জেন্টিনা, যদিও শিরোপা জিততে পারেনি।

এরপর কেটে গেছে দীর্ঘ ৩৬ বছর। বিশ্বকাপের মঞ্চে আর দেখা হয়নি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তাই এবারের আসরে সম্ভাব্য আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে। তবে সেই বহুল প্রতীক্ষিত লড়াই বাস্তবে রূপ নেবে কি না, তা নির্ভর করছে টুর্নামেন্টে দুই দলের পরবর্তী পারফরম্যান্সের ওপর।

/এমআর/