শিরোনাম

কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, দগ্ধ ৬
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফটক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম নগরের সদরঘাট থানার সাম্পানঘাট এলাকায় মুরিংয়ে নোঙর করা এফভি ‘দেশ ফিশিং’ জাহাজে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেক কর্মী শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমুদ্রে মাছ আহরণ শেষে সোমবার (২৯ জুন) দুপুরে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়লে দায়িত্বরত ৬ নাবিক দগ্ধ হন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, জাহাজের ইঞ্জিন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

/এসবি/