শিরোনাম

জেনেভায় পাকিস্তানি সেনাপ্রধানকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
জেনেভায় পাকিস্তানি সেনাপ্রধানকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার সময় সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ দেশটির প্রতিনিধিদলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ—এমন দাবি করেছেন ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। তবে পাকিস্তানের সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন।

ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের একটি পডকাস্টে অংশ নিয়ে পেপে এসকোবার দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে মোসাদ পাকিস্তানি প্রতিনিধিদলের বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আগেই নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি জানতে সক্ষম হয় বলে তিনি উল্লেখ করেন।

এসকোবারের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনার খবর পাওয়ার পর পাকিস্তান একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে ইসরায়েলকে কঠোর বার্তা পাঠায়। তার দাবি, ওই বার্তায় সম্ভাব্য হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

তবে এই বক্তব্যের পক্ষে তিনি কোনো নথিপত্র, গোয়েন্দা তথ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।

বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা রয়েছে। এসকোবার দাবি করেন, দুই দেশের মধ্যে প্রাথমিক সমঝোতা ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে পরিচিত এবং এর পরবর্তী পর্যায়ের আলোচনায় জেনেভায় উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে সেনাপ্রধান আসিম মুনিরও প্রতিনিধিদলের সদস্য ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইসরায়েল এই ধরনের আলোচনায় নিজেদের বাইরে রাখা হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করে আসছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্তি উদ্যোগের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইসলামাবাদ এখনো ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও ইসরায়েলের বিভিন্ন সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন।

তবে মোসাদের কথিত হত্যাচেষ্টার অভিযোগকে দৃঢ়ভাবে নাকচ করেছেন পাকিস্তানের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য কারেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি সম্পূর্ণ অর্থহীন দাবি। এর মধ্যে কোনো সত্যতা নেই।’

একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি নিরাপত্তা সূত্রও অভিযোগটিকে ‘বিকৃত অপপ্রচার’ হিসেবে বর্ণনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনী, ইসরায়েল সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা প্রমাণ প্রকাশ করা হয়নি। ফলে অভিযোগটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

/এমআর/