শিরোনাম

ট্রাম্প কূটনীতির নামে বারবার নাটক করছেন: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্প কূটনীতির নামে বারবার নাটক করছেন: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির আড়ালে বারবার রাজনৈতিক নাটক সাজাচ্ছেন বলে তীব্র অভিযোগ তুলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানে সামরিক হামলার সিদ্ধান্ত নিয়ে তা আবার স্থগিত করার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতেই এমন কড়া প্রতিক্রিয়া জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, সামরিক হুমকি, প্রতিশ্রুতি ভঙ্গ করা আর ভুয়া তথ্যকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করা মার্কিন প্রশাসনের একটি পুরানো এবং ব্যর্থ কৌশল। ট্রাম্প দাবি করেছিলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তির মূল কাঠামো তৈরি হওয়ার কারণেই তিনি সম্ভাব্য বড় সামরিক হামলা স্থগিত করেছেন।

তবে গালিবাফ এ দাবি উড়িয়ে দিয়ে জানান, ওয়াশিংটন একদিকে হামলার হুমকি দিচ্ছে, আবার অন্যদিকে আলোচনার কথা বলে অবস্থান বদলাচ্ছে। চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করানোর এই চেষ্টা কখনোই সফল হবে না।

২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার পর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। বর্তমানে এ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে সমঝোতার দিকে এগোচ্ছে তেহরান, যদিও নিজেদের জলসীমার ওপর পূর্ণ সার্বভৌমত্বের বিষয়ে অনড় তারা।

হোয়াইট হাউসে ট্রাম্প আশা প্রকাশ করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে এবং কূটনৈতিক প্রচেষ্টা ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে ইরানি কর্মকর্তারা উল্টো সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে এবং দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। ফলে ট্রাম্প যুদ্ধ শেষের যে আশ্বাস দিচ্ছেন, তেহরানের কাছে তা নিছক এক কূটনৈতিক তামাশা ছাড়া আর কিছুই নয়।

সূত্র: আল জাজিরা

/এমএকে/