আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আরব দলগুলোর সমর্থনে সরকার গঠিত হলে ইসরায়েলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি
ইসরায়েলের নেসেট ভবনের বাইরে বিক্ষোভকারীরা

নতুন নেসেটের শপথগ্রহণ অনুষ্ঠানে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আরব-নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর সমর্থনে গাদি আইজেনকটের সরকার গঠনের সম্ভাব্য প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে নেসেট ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন শত শত ডানপন্থী প্রতিবাদকারী। বিক্ষোভকারীদের মূল ক্ষোভ ছিল জয়েন্ট লিস্ট ও রা’আম দলের ওপর। ডানপন্থী সংগঠন ‘ইম তিরৎজু’ আয়োজিত এ সমাবেশে প্রতিবাদকারীরা বলেন, আরব দলগুলোর সহায়তায় কোনো সরকার গঠিত হলে তা দেশে গৃহযুদ্ধ ডেকে আনতে পারে। সমাবেশ জুড়ে তাদের মূল স্লোগান ছিল, আমরা একটি ইহুদি রাষ্ট্র চাই।

বিক্ষোভটি শান্তিপূর্ণ থাকলেও, প্রতিবাদকারীদের স্লোগানে ক্ষোভের আগুন ছিল স্পষ্ট। তারা নির্বাচন চুরির অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি তোলেন। রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ আইজেনকটকে সরকার গঠনের আহ্বান জানালেও জয়েন্ট লিস্ট ও রা’আমের সমর্থনের ওপর নির্ভর করা নিয়ে আইজেনকটের নিজস্ব ব্লকের ভেতরেই তীব্র বিরোধিতা রয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার নেসেটে দেওয়া ভাষণে এ জোটে আরব দলগুলোর অন্তর্ভুক্তি ঠেকাতে আবারও তাদের সন্ত্রাসবাদের সমর্থক বলে আখ্যা দেন। তবে জয়েন্ট লিস্ট ও রা’আমের আইনপ্রণেতারা এ অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।

বিক্ষোভকারীদের বক্তব্য ও কঠোর হুঁশিয়ারিতে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তাদের গভীর শঙ্কা প্রকাশ পেয়েছে। এক প্রতিবাদকারী বলেন, আমার সন্তানরা, যারা গত তিন বছর ধরে লড়াই করছে, তারা বাঁচবে না মরবে- তাদের হয়ে কী হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই, যদিও হয়তো আইনি অধিকার থাকতে পারে। এমনটা ঘটলে এখানে গৃহযুদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আমরা এখানে সৌহার্দ্যপূর্ণভাবে, ভদ্রভাবে এবং সম্মানের সাথে বিক্ষোভ প্রদর্শন করছি। কিন্তু এটি একটি গৃহযুদ্ধে পরিণত হবে। আমরা, ইহুদি জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ, সন্ত্রাসবাদের সমর্থকদের ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার নীতি নির্ধারণ করতে দেব না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এমএকে/